দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা।
রোববার তিনি বন্দরের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার নেন। নৌবাহিনীর এই কর্মকর্তা শাহীন রহমানের স্থলাভিষিক্ত হলেন। মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম সরকার নতুন চেয়ারম্যানের হাতে দায়িত্ব বুঝিয়ে দেন।
যোগদানের পর আরিফ আহমেদ মোস্তফা সব সদস্য, সব বিভাগের প্রধান, ৯ম গ্রেড ও তদূর্ধ্ব কর্মকর্তা, অফিসার্স অ্যাসোসিয়েশনের সদস্য এবং সিবিএর অ্যাডহক কমিটির সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা করেন।
সভায় বন্দরের চলমান প্রকল্প, অসমাপ্ত প্রকল্প ও কর্মপরিকল্পনার বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নতুন চেয়ারম্যানকে অবহিত করেন।
বন্দরের নতুন চেয়ারম্যান সার্বিক বিষয় পর্যালোচনা করে বন্দরের উন্নয়নের স্বার্থে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বন্দরের সব কর্মকর্তা-কর্মচারীকে নিজ দায়িত্ব ও ধর্মীয় অনুশাসন মেনে দলগতভাবে কাজ করার বিষয়ে নির্দেশনা দেন।
আরিফ আহমেদ মোস্তফা জানান, প্রশাসনিক কাজের জটিলতা কমানো সম্ভব হলে বন্দরের অন্যান্য অপারেশনাল কার্যক্রম সম্পাদন করা সহজ হবে। এ ছাড়াও বন্দরের আয় বৃদ্ধি ও ব্যয় সংকোচনের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান তিনি।
আরিফ আহমেদ মোস্তফা ১৯৯০ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন এবং ১৯৯২ সালে বাংলাদেশ নৌবাহিনীর নির্বাহী শাখায় কমিশন লাভ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে মিলিটারি স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছাড়া তিনি দেশে-বিদেশে উচ্চতর সামরিক নিয়েছেন।
আরিফ আহমেদ মোস্তফা তার ৩০ বছরের বর্ণাঢ্য কর্মজীবনে বিভিন্ন কমান্ড, প্রশিক্ষক এবং স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ নৌবাহিনীর বানৌজা ওমর ফারুক এবং বানৌজা সমুদ্র জয়ের ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বানৌজা দুর্জয়ের কমিশনিং ক্যাপ্টেন এবং বানৌজা ওমর ফারুকের ডিকমিশনিং ক্যাপ্টেন ছিলেন।
এ ছাড়া তিনি প্যাট্রোল ক্রাফট বানৌজা ফরিদ, তিস্তা, মেঘনা, এলপিসি বানৌজা দুর্জয়, ওপিভি বানৌজা এসআর আমিন এবং নৌঘাঁটি বানৌজা হাজী মহসিনের ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান পদেও দায়িত্ব পালন করেছেন।


