বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের জনসমাবেশকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগর এলাকায় ড্রোন উড্ডয়ন ও প্ল্যাকার্ড বহন নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
শুক্রবার রাতে সিএমপি কমিশনার হাসিব আজিজের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পলোগ্রাউন্ড মাঠে আগামী ২৪ ও ২৫ জানুয়ারি বিএনপির জনসমাবেশ উপলক্ষে জনশৃঙ্খলা, শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ২৯ ধারার ক্ষমতাবলে জনসমাবেশ চলাকালে কোনো ব্যক্তি অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা, লাঠি, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথরসহ যেকোনো বিপজ্জনক বস্তু বহন ও ব্যবহার করতে পারবেন না। একই সঙ্গে রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কোনো উপকরণ প্রদর্শন বা প্ল্যাকার্ড বহন ও ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা-২০২০-এর ৯ ও ১৩ ধারার আওতায় অনুমোদন ছাড়া সমাবেশ এলাকায় ড্রোন উড্ডয়ন সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়।
নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
দীর্ঘ ২১ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান। ২৫ জানুয়ারি চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির নির্বাচনী মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তার।
দলীয় সূত্র জানিয়েছে, কর্মসূচিতে যোগ দিতে তিনি শনিবার রাতে চট্টগ্রামে পৌঁছাবেন। রোববার সকাল সাড়ে ১১টায় চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন।
তারেক রহমান সর্বশেষ ২০০৫ সালে চট্টগ্রামে গিয়েছিলেন। সে সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণায় অংশ নিয়ে তিনি নগরীর লালদিঘী ময়দানে এক জনসভায় বক্তব্য দেন। দীর্ঘ দুই দশকের বেশি সময় পর তার চট্টগ্রাম আগমনকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।


