ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, গত মে মাসে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে ৩৮ হাজার ২৮৪টি মামলা করা হয়েছে। এর মধ্যে ৬৭২টি মামলা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) এনফোর্সমেন্টের মাধ্যমে। এসব মামলায় মোট ৮ কোটি ৭১ লাখ টাকার বেশি জরিমানা আদায় করা হয়েছে।
সংস্থাটি জানিয়েছে, ঈদুল আজহার ছুটির সময়ে রাজধানী ঢাকায় বড় ধরনের কোনো দুর্ঘটনা, নাশকতা বা চাঞ্চল্যকর অপরাধ ঘটেনি। একই সঙ্গে গত এক মাসে পরিচালিত বিশেষ অভিযানে চাঁদাবাজ, ছিনতাইকারী, সন্ত্রাসী ও মাদক কারবারিসহ দুই হাজার ৮৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
তিনি বলেন, ঈদের ছুটির সময়ে রাজধানীর পশুর হাট, বাস ও লঞ্চ টার্মিনাল, রেলস্টেশন, শপিংমল, আর্থিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠান, ঈদের জামাতস্থল, আবাসিক এলাকা এবং ফাঁকা বাসাবাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডিএমপির সব ইউনিট সমন্বিতভাবে কাজ করেছে। ফলে ঈদের সময়ে বড় ধরনের কোনো নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ড বা চাঞ্চল্যকর অপরাধ সংঘটিত হয়নি।
ডিএমপি কমিশনার জানান, ১ মে থেকে ২ জুন পর্যন্ত এক মাসে পরিচালিত বিশেষ অভিযানে ৬৫৮ জন চাঁদাবাজ, ৯৭১ জন ছিনতাইকারী, ডাকাত ও সন্ত্রাসী এবং এক হাজার ২১৫ জন মাদক কারবারিসহ মোট দুই হাজার ৮৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৭৪৪ কেজি গাঁজা, এক লাখ ৭৯ হাজার ইয়াবা ট্যাবলেট, ৪০৫ গ্রাম হেরোইন, এক হাজার ২৮১ বোতল ফেনসিডিল, ২৯ গ্রাম আইস এবং অন্যান্য মাদকদ্রব্য। এ ছাড়া ছয়টি পিস্তল, ২১ রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন, ১১টি ককটেল ও বিভিন্ন দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, অনলাইন জুয়া, সাইবার প্রতারণা ও অবৈধ ডিজিটাল আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত ছয়জন চীনা নাগরিকসহ মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ৫২৩টি মোবাইল ফোন, ২৯৩টি সিমকার্ড এবং বিভিন্ন ধরনের যানবাহন উদ্ধার করা হয়েছে।
ঈদের ছুটিতে ফাঁকা ঢাকার নিরাপত্তা নিশ্চিত করতে বর্ধিত টহল, চেকপোস্ট, বিশেষ অভিযান, গোয়েন্দা নজরদারি এবং প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ জোরদার করা হয়েছিল বলে জানান তিনি। ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত প্রায় জনশূন্য রাজধানীতে কোনো ডাকাতি বা বড় ধরনের অপরাধ সংঘটিত হয়নি। তবে বিচ্ছিন্নভাবে কয়েকটি চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
প্রেস ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার সাম্প্রতিক কয়েকটি আলোচিত হত্যাকাণ্ড, ডাকাতি, অপহরণ ও জাল টাকা চক্রের ঘটনায় পুলিশের তদন্ত অগ্রগতি এবং আসামি গ্রেপ্তারের তথ্যও তুলে ধরেন। তিনি বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় সংঘটিত একাধিক চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ সফল হয়েছে।
তিনি বলেন, নিয়মিত আইনশৃঙ্খলা কার্যক্রমের পাশাপাশি বিশেষ অভিযান চলমান থাকবে এবং শান্তিপূর্ণ ও নিরাপদ ঢাকা গড়ে তুলতে ঢাকা মহানগর পুলিশ সর্বদা বদ্ধপরিকর।


