মেহেরপুরের গাংনী উপজেলায় সেনাবাহিনীর অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ভারত থেকে আসা এসব অস্ত্র ও গুলি গন্তব্যে পৌঁছানোর আগেই উদ্ধার করতে সক্ষম হয় সেনাবাহিনী। রোববার ভোরে সিন্দুরকোট গ্রামে বিশেষ অভিযান চালিয়ে একটি ভুট্টা খেত থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর গাংনী ক্যাম্প সুত্রে জানা গেছে, উপজেলার কাজিপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অস্ত্র-গুলি পাচার করে তা গন্তব্যে নিয়ে যাওয়ার কথা ছিল। সে অনুযায়ী, পাচারকারীরা এসব অস্ত্র সিন্দুরকোটা গ্রামের একটি ভুট্টা খেতে ফেলে রাখে।
সেনাবাহিনীর গোয়েন্দা তৎপরতায় এসব অস্ত্রের গন্তব্য ও সম্ভাব্য অভিযান নিয়ে পরিকল্পনা করা হয়। গাংনী সেনাবাহিনী ক্যাম্পের মেজর আহমেদ ফজলে রাব্বি নিলয় ও ক্যাপ্টেন মোল্লা রিফাত রায়হান দুটি আভিযানিক দল নিয়ে ভোরে অভিযান পরিচালনা করেন।
এসময় একটি ব্যাগের মধ্যে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় একটি ওয়ান শ্যুটারগান, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করে সেনাবাহিনী।
মেহেরপুর গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কুমার রায় জানান, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি গাংনী থানায় জমা দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা হয়নি। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


