ঢাকার গেন্ডারিয়ার ধুপখোলা এলাকার একটি মেস থেকে ইমরান নাবিল প্রামানিক (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রজনী চৌধুরী রোডের একটি পাঁচতলা বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ইমরানের বাড়ি সুন্দরগঞ্জ উপজেলার ধুমাইটারি গ্রামে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস বিভাগে স্নাতকোত্তর সম্পন্ন করেছিলেন।
গেন্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুম বিল্যাহ জানান, ফ্যানের সঙ্গে বিছানার চাদর পেঁচিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। বাসাটিতে ইমরানসহ তিনজন ভাড়া থাকতেন। তবে একজন দুই মাস আগে বাসা ছেড়ে চলে যান এবং অপরজন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে গ্রামের বাড়িতে ছিলেন। ঘটনাকালে ইমরান একাই বাসায় ছিলেন।
সোমবার সকাল ৯টার দিকে কাজের সহকারী ডাকাডাকি করে সাড়া না পেয়ে বাড়িওয়ালাকে জানান। পরে পুলিশে খবর দেওয়া হয়।
পরিবারের বরাতে পুলিশ জানিয়েছে, ইমরান হতাশায় ভুগছিলেন। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
রুমমেট জুয়েল কবির জানান, চার বছর আগে স্নাতকোত্তর শেষ করার পর থেকে ইমরান চাকরি খুঁজছিলেন এবং বিভিন্ন বিষয় নিয়ে হতাশার কথা বলতেন।


