ঢাকা উত্তর সিটি করপারেশন (ডিএনসিসি) উত্তরা দিয়াবাড়ির ১৬ ও ১৮ নম্বর সেক্টরসংলগ্ন বৌ-বাজার এলাকা ও মেট্রো স্টেশনের নিচে অস্থায়ী গবাদি পশুর হাট পরিচালনার ফলে সৃষ্ট সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে।
ডিএনসিসির জনসংযোগ বিভাগের প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তরা সেন্টার মেট্রো স্টেশনের নিচে রাস্তার আশপাশে জমে থাকা ময়লা-আবর্জনা, গাছপালা ভাঙচুর এবং যানবাহন চলাচলের কারণে সড়ক ও আশপাশের অবকাঠামোর সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে এই কমিটি কাজ করবে। কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে বৌ-বাজার এলাকার খালি জায়গা থেকে শুরু করে মেট্রোরেলসংলগ্ন ১৮ নম্বর সেক্টরের সি-ব্লকের খালি মাঠ পর্যন্ত এলাকা পরিদর্শন ও মূল্যায়ন।
ডিএনসিসি কর্তৃপক্ষ কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনা দিয়েছে।


