বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, স্বাধীনতা পরবর্তী মুক্তিযুদ্ধ নিয়ে যে ইতিহাস লেখা হয়েছে, তার একটি বড় অংশ মিথ্যা বয়ান দিয়ে লেখা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার হলে বিজয় দিবস উপলক্ষে ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত ‘বিজয়ের ৫৪ বছর, স্বাধীনতার আলোয় আগামীর নির্মাণ’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন।
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘আমাদের প্রশ্ন জাগে, স্বাধীনতার পরপরই যারা ক্ষমতায় ছিল, তারা কী কারণে তৎকালীন সময়ে মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন, তাদের তালিকা করেনি?’
তিনি বলেন, একেক সরকারের শাসনামলে নতুন নতুন মুক্তিযোদ্ধার তালিকা করা হয়েছে। এসব নিয়ে গোপন রাজনীতি করা হয়েছে দীর্ঘ সময় ধরে। এর মধ্য দিয়ে অর্থনৈতিক বন্দোবস্ত নিজেদের পকেটে নিয়ে জাতির মধ্যে একটি বিভাজনের রাজনীতি করা হয়েছে। এটি ছিল খুবই সূক্ষ্ম একটি রাজনৈতিক কৌশল।’
নুরুল ইসলাম বলেন, আমাদের প্রতিষ্ঠার পর থেকেই দীর্ঘ সময় ধরে বাংলাদেশে ইসলামী ছাত্রশিবির স্বাধীনতাকে ধারণ করে দেশের সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রেখে কাজ করছে।
সভাপতির বক্তব্যে ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এস এম ফরহাদ বলেন, ইসলামী ছাত্রশিবির শুধু এ বছর নয় প্রতিবছরই স্বাধীনতা উদযাপন করেছে। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে বিজয় দিবস পালন করতে গিয়ে প্রতিবছর অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তারও করা হয়েছে।


