রাষ্ট্রপক্ষের জব্দ করা জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলার আলামত এক মাসের জন্য প্রদর্শনী করার অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে এসব আলামত প্রদর্শন করা হবে।
প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই অনুমতি দেয় বলে সাংবাদিকদের জানিয়েছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
তিনি বলেন, প্রসিকিউশনের পক্ষ থেকে একটি আবেদন জানানো হয়েছিল যে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন, যেটি গণভবন নামে পরিচিত ছিল, তা ৫ আগস্ট পরবর্তী সময়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ রূপান্তরিত হয়েছে; ২০ জানুয়ারি উদ্বোধন করা হবে। তাই ট্রাইব্যুনালের বিভিন্ন মামলায় জব্দকৃত আলামত যেমন, গুলি, অস্ত্র, রক্তমাখা পোশাক অথবা যে সব চেয়ারে নির্যাতন করা হয়েছে; সেগুলো সেখানে দেওয়া হোক।
‘আদালত আগামী এক মাসের জন্য এই আলামতগুলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রাখা এবং প্রদর্শনের অনুমতি দিয়েছে।’
ঢাকার শেরে বাংলা নগরের গণভবনকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রূপান্তরিত করেছে অন্তর্বর্তীকালীন সরকার। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকার সরকারি এই ভবনকে জাদুঘরে রূপান্তরের উদ্যোগ নেয়।


