মাদারীপুরে অভিযান চালিয়ে ককটেল, রামদা, চাপাতিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী।
সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বড়মেহের গ্রামে শনিবার রাত ৩টার দিকে মাদারীপুর সদরের সেনা ক্যাম্পের ক্যাপ্টেন শাফিন সারোয়ার এবং ক্যাপ্টেন মোনায়েম শারজিলের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
শাফিন সারোয়ার এবং মোনায়েম শারজিল জানান, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে সদর উপজেলার বড়মেহের গ্রামের ইদ্রিস হাওলাদার নিজবাড়ির বাগান ও আশাপাশে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গোলাবারুদ মজুদ রেখেছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ইদ্রিস হাওলাদার ও তার সঙ্গীরা পালিয়ে যান।
পরে তার বাড়ির আশপাশে তল্লাশি চালিয়ে ৪০টি ককটেল, ৯৪টি বল্লম, ৩৩টি ঢাল, চারটি চাপাতি, তিনটি রামদা, দুইটি চাইনিজ কুড়ালসহ প্রচুর দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
সেনাবাহিনী আরও জানায়, উদ্ধার করা অস্ত্র সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কেউ যাতে কোনও নাশকতা না করতে পারে সে ব্যাপারে নিয়মিত এমন অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি সড়ক ও মহাসড়কেও টহল বাড়ানো হয়েছে।


