মাদারীপু্রে আবারও ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পূর্ব আমিরাবাদ এলাকায় এক ড্রাইভারকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে দুই পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া ও বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর থেকে শহরজুড়ে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়দের বরাতে জানা যায়, পূর্ব আমিরাবাদ এলাকার বাসিন্দা সোনালী পরিবহনের ড্রাইভার কাওসার হোসেনসহ তার স্ত্রীকে ডিসি ব্রিজ এলাকার কয়েকজন যুবক মারধর করে। এ ঘটনাকে কেন্দ্র করে রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত ডিসি ব্রিজ, কলেজ রোড ও পূর্ব আমিরাবাদসহ আশপাশের এলাকায় কিশোর ও যুবকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষ চলাকালে আমিরাবাদ এলাকায় অন্তত ১০টি ককটেল বিস্ফোরণ ঘটে বলে জানান তারা। একের পর এক বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তা শঙ্কায় পড়েন আমিরাবাদ এলাকার বাসিন্দারা। অনেক ব্যবসায়ী দ্রুত দোকানপাট বন্ধ করে দেন।
খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এক পর্যায়ে সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনী কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে বলেও জানান তিনি।
এর আগেও শহরের বিভিন্ন এলাকায় সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা গেছে।


