ঢাকার ওয়ারী থানার স্বামীবাগ এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শককে গুলি করে আহত করার ঘটনায় অস্ত্র-গুলিসহ চারজনকে গ্রেপ্তার করেছে ওয়ারী থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন সৈয়দ জিসান আহমেদ, সৈয়দ হাসিবুল হাসান ওরফে পিয়াস, ওমর ফারুক সায়েম এবং সোলায়মান হোসেন চৌধুরী।
গ্রেপ্তারের সময় তাদের কাছে থেকে দুইটি পিস্তল, একটি রিভলবার, দুইটি ম্যাগাজিন, ২৩ রাউন্ড তাজা গুলি, ৫ রাউন্ড গুলির খোসা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ সূত্র জানায়, গত সোমবার দুপরে স্বামীবাগে সায়েদাবাদ রেলগেট সংলগ্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেপ্তার অভিযান করার সময় ৩/৪ জন দুষ্কৃতকারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সিদ্দিকুর রহমানকে পায়ে গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় ওয়ারী থানায় একটি নিয়মিত মামলা করা হয়।
পুলিশ সূত্র জানায় ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক ওয়ারী থানা পুলিশ ঘটনাস্থলে দুস্কৃতকারীদের পালানোর রাস্তায় অনুসরণ করলে পুলিশের ধাওয়া খেয়ে একটি অস্ত্র রেখে পালিয়ে যায়। সে সময় ঘটনায় ব্যবহৃত ৪ রাউন্ড গুলি ভর্তি একটি রিভলবার ও পাঁচ রাউন্ড গুলির খোসা উদ্ধার করে পুলিশ।
পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ওয়ারী থানা পুলিশের একটি টিম বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সৈয়দ জিসান আহমেদ, সৈয়দ হাসিবুল হাসান ওরফে পিয়াস ও ওমর ফারুক সায়েমকে গ্রেপ্তার করে। এ সময় তাদের হেফাজত থেকে ঘটনায় ব্যবহৃত একটি পিস্তল ও দুইটি ম্যাগজিনসহ ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে আলাদা অভিযান চালিয়ে একটি পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ সোলায়মান হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ।
এঘটনায় ওয়ারী থানায় দুইটি নিয়মিত মামলা করা হয়েছে ও আলাদা আরো একটি মামলা প্রক্রিয়াধীন।


