জাতীয় সংসদের অধিবেশন চলাকালে স্পিকার বা অধিবেশনের সভাপতির প্রতি মাথা নিচু করে (ঝুঁকিয়া) সম্মান জানানোর কোনো বাধ্যবাধকতা নেই। বৃহস্পতিবার এক রুলিং-এ একথা জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
এর আগে ১৬ জুন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান এবং ১৭ জুন নোয়াখালী-২ আসনের সদস্য জয়নাল আবেদীন ফারুক পয়েন্ট অব অর্ডারে সভাপতির প্রতি ঝুঁকিয়া সম্মান জানানোর প্রচলিত রীতি সম্পর্কে প্রশ্ন উত্থাপন করেন। সেদিন বিষয়টি সংসদের কার্যপ্রণালী বিধি পরীক্ষা-নিরীক্ষা করে পরে জানাবেন বলে আশ্বস্ত করেন স্পিকার।
বৃহস্পতিবার স্পিকার জানান, অতীতে অধিবেশনের সভাপতির প্রতি ‘ঝুঁকিয়া’ সম্মান প্রদর্শনের বিষয়টি কার্যপ্রণালী বিধিতে অন্তর্ভুক্ত ছিল। তবে অষ্টম জাতীয় সংসদে ২০০৬ সালের সেপ্টেম্বর মাসে এক সংশোধনীতে কার্যপ্রণালী বিধি থেকে ‘ঝুঁকিয়া’ শব্দটি বাদ দেওয়া হয়। বর্তমানে কার্যপ্রণালী বিধিতে সম্মান প্রদর্শনের কথা থাকলেও এক্ষেত্রে কোনো নির্দিষ্ট পদ্ধতি অনুসরণের বাধ্যবাধকতা নেই
ফলে এখন থেকে সংসদ সদস্যরা নিজ নিজ রীতি অনুযায়ী অধিবেশনের সভাপতিকে সম্মান প্রদর্শন করবেন।


