ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রাবাসে ‘তুচ্ছ ঘটনাকে’ কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুই শিক্ষার্থী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে জিজ্ঞাসাবাদের জন্য এক শিক্ষার্থীকে হেফাজতে নিয়েছে পুলিশ।
শুক্রবার রাত ৯টার দিকে বাঘমারা ছাত্রাবাসে এই সংঘর্ষ শুরু হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ছাত্রাবাসের দুই শিক্ষার্থী- মীর হামিদুর ও মো. মুয়াজের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়। একপর্যায়ে উভয় পক্ষের সমর্থকরা জড়িয়ে পড়লে পরিস্থিতি সংঘর্ষে গড়ায়।
ঘটনার খবর পেয়ে কোতোয়ালী মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সংঘর্ষের জেরে গভীর রাত পর্যন্তও ছাত্রাবাস এলাকায় উত্তেজনা বিরাজ করে। রাত দেড়টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।
সংঘর্ষে আহত মীর হামিদুর ও মো. মুয়াজকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুবায়ের আহমেদ জানান, তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, ‘পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় নাফিউল ইসলাম নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’


