মাদারীপুরে ছয়টি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের আঘাতে আহত হয়েছেন একজন।
শনিবার ভোরে সদর উপজেলার হাউসদি বাজারের স্বর্ণকার পট্টিতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা জানান, প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান তারা। শনিবার ভোরে একদল মুখোশধারী ডাকাত বাজারের পাহারাদারকে আঘাত করে বেঁধে অস্ত্রের মুখে জিমি করে। এরপর প্রথমে সেখানকার নিউ প্রিয়াংকা জুয়েলার্সে ডাকাতি করে। পরে পাশের আরও পাঁচটি দোকানে লুট করে নিয়ে যায় স্বর্ণালংকার ও নগদ টাকা। এ সময় স্বর্ণের দোকানে থাকা সিন্ধুকও নিয়ে যায় ডাকাতদল। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


