ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি এই আবেদন জমা দেন।
আপিল পরবর্তী ব্রিফিংয়ে মনিরা বলেন, ‘মনোনয়ন বাতিলের আদেশের বিরুদ্ধে আপিল ফাইল করেছি। সোমবার সকাল সাড়ে ১০টায় নির্বাচন কমিশন শুনানির সময় নির্ধারণ করেছে।’
এর আগে, গত ২৩ এপ্রিল রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন। নির্বাচনী আইন অনুযায়ী, সরকারি বা সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের চাকরি থেকে পদত্যাগের তিন বছর অতিবাহিত না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
মনিরা ২০২৩ সালের নভেম্বরে কৃষি ব্যাংকে যোগ দিয়ে ২০২৫ সালের ডিসেম্বরে পদত্যাগ করেছিলেন।
সংরক্ষিত নারী আসনের নির্বাচন আইন ২০০৪-এর ২৯ ধারা অনুযায়ী, এই নির্বাচনের বিধিমালা গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ দ্বারা পরিচালিত হয়।
আরপিও’র অযোগ্যতা সংক্রান্ত বিধিতে বলা হয়েছে, সরকারি চাকরি থেকে পদত্যাগ বা অবসরের পর তিন বছর পার না হলে কোনো ব্যক্তি সংসদ সদস্য হওয়ার যোগ্য হবেন না। সংশ্লিষ্ট ওই আইনি বাধার কারণে প্রাথমিকভাবে তার প্রার্থিতা বাতিল হয়েছিল।


