ভোলার লালমোহন উপজেলার বাতিরখাল মৎস্যঘাট থেকে সাগরে মাছ শিকারে গিয়ে নিখোঁজ ১৩ জেলের সন্ধান মিলেছে ভারতে।
সোমবার দুপুরে ভারতের পশ্চিমবঙ্গের একটি কারাগার থেকে জেলেরা ভিডিও কলে তাদের পরিবারের সঙ্গে কথা বলেন।
ভারতের কারাগারে থাকা জেলেরা হলেন-লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দলিল মাস্টার বাজার এলাকার মোহাম্মদ মাকসুদুর রহমান, মোহাম্মদ খোকন, মোহাম্মদ হেলাল, মোহাম্মদ শামিম, মোহাম্মদ সাব্বির, মোহাম্মদ সজিব, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ নাছির মাঝি এবং একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাতিরখাল এলাকার আব্দুল মালেক, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ মাকসুদ, মোহাম্মদ আলম মাঝি ও মোহাম্মদ ফারুক।
নিখোঁজের ২১ দিন পর ১৩ জেলের জীবিত থাকার খবরে উচ্ছ্বাসিত তাদের পরিবারের সদস্যরা। ওইসব জেলেদের দ্রুত ভারত থেকে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন তারা।
জেলে হেলালের স্ত্রী মিতু বেগম বলেন, ‘সাগরে মাছ ধরতে যাওয়ার পর থেকেই আমার স্বামীর কোনো খোঁজ পাচ্ছিলাম না। সোমবার ভারত থেকে আমার স্বামী ইমোতে কল দিয়েছে। তারা সবাই সেখানের একটি কারাগারে আছে বলে জানিয়েছে। এখন তাদেরকে ফিরিয়ে আনতে সরকারের কাছে বিনীত অনুরোধ করছি।’
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, ধারণা করছি সাগরে মাছ শিকার করতে গিয়ে ভারতের জলসীমায় ঢুকে পড়েন জেলেরা। এরপর তাদের ভারতের নৌবাহিনীর সদস্যরা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। বর্তমানে তারা ভারতের পশ্চিমবঙ্গের একটি কারাগারে রয়েছেন।
‘আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানাবো। এরপর কর্তৃপক্ষ ভারতে থাকা ওইসব জেলেদের দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় উদ্যোগ নেবে’ বলেন তিনি।
এর আগে, ১০ নভেম্বর উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাতিরখাল মৎস্যঘাট এলাকা থেকে সাগরে মাছ শিকারে যান ওইসব জেলেরা। এরপর থেকে পরিবারের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।


