ভূমিকম্পের পর ক্ষয়ক্ষতির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা পরিচালনার জন্য জরুরি ভিত্তিতে ‘নিয়ন্ত্রণ কক্ষ’ বা কন্ট্রোল রুম চালু করেছে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়।
শুক্রবার জেলা প্রশাসক মো. রেজাউল করিমের সই করা বিজ্ঞপ্তিতে ভূমিকম্পের কারণে বিভিন্ন দুর্ঘটনা সম্পর্কিত তথ্যের জন্য ও জরুরি প্রয়োজনে নিয়ন্ত্রণ কক্ষের নম্বরে যোগাযোগের আহ্বান জানানো হয়।
নিয়ন্ত্রণ কক্ষের নম্বরগুলো হলো- মোবাইল: ০১৭০০-৭১৬৬৭৮, ফোন: ০২-৪১০৫১০৬৫
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভূমিকম্পের পর থেকে দেশের পরিস্থিতির ওপর সজাগ দৃষ্টি রাখছে জেলা প্রশাসন। এছাড়া, ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে বলেও জানিয়েছে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়।
শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে দেশজুড়ে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। আকস্মিক এই ভূমিকম্পে এখন পর্যন্ত পাঁচজন নিহত এবং অন্তত ৩৯ জন আহত হওয়ার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।


