ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে লাফিয়ে পড়ে, তাড়াহুড়ো ও দৌড়াদৌড়িতে আহত হয়ে ১৫ শিক্ষার্থী শহীদ বুদ্ধিজীবী ড. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারে চিকিৎসা নিয়েছেন।
হাসপাতাল সূত্র জানায়, প্যানিক অ্যাটাকের শিকার দুই নারী শিক্ষার্থী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া ছাদ থেকে লাফ দিয়ে আহত হওয়া তিন শিক্ষার্থীর মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসার পর বাড়ি ফিরেছেন এবং একজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

মোর্তজা মেডিকেল সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার আনহাদ টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘আহত অনেক শিক্ষার্থী চিকিৎসা নিতে আসছেন। বেশিরভাগই প্রাথমিক চিকিৎসা নিয়ে হলে ফিরে গেছেন। গুরুতর আহত কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
এছাড়া ভূমিকম্পের সময় বিভিন্ন বহুতল আবাসিক হল থেকে তাড়াহুড়ো করে বের হতে গিয়ে পা মচকে আরও বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে নরসিংদীর মাধবদীতে মাঝারি মাত্রার ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৭।


