‘ভুল জায়গায়’ ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করায় ক্ষোভ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। তিনি বলেন, দুর্যোগকালীন আশ্রয়কেন্দ্র যেন নতুন দুর্যোগের কারণ না হয়।
শুক্রবার সকালে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার একটি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘সরকারের উন্নয়ন প্রকল্পগুলো যেন জনগণের প্রকৃত উপকারে আসে, তা নিশ্চিত করতে হবে। না হলে দুর্যোগের সময়ে নিরাপদ আশ্রয়গুলো নতুন দুর্যোগের কারণ হয়ে দাঁড়াবে।’
‘ভুল জায়গায়’ আশ্রয়কেন্দ্র নির্মাণ নিয়ে ক্ষোভ জানান উপদেষ্টা। তিনি বলেন, ‘ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র বানানো হয়েছে ঘূর্ণিঝড়ের(আঘাত হানার সীমা) ভেতরেই, বন্যার ভেতরেই! এটা যদি রাস্তার উচ্চতায় বা উঁচু জায়গায় করা যেত, তাহলে কোনো সমস্যা হতো না।’
সাবেক সরকারের আমলে স্থানীয়দের আপত্তি সত্ত্বেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে ডুমুরিয়া উপজেলায় ওই স্থাপনাটি তৈরি করা হয়েছে দাবি করে ফারুক ই আজম বলেন, ‘এই আশ্রয়স্থল বাস্তবে দুর্যোগের সময় কোনো কাজে আসবে না।’ ভবিষ্যতে এ ধরনের ভুল সিদ্ধান্ত এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি।
নির্মাণকাজ পরিদর্শনের সময় উপদেষ্টার সঙ্গে ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান, খুলনার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।


