ভারত শেষ ট্রাম্পকার্ড খেলে পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করে তুলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।
তার দাবি, খাগড়াছড়িতে যে কিশোরী ধর্ষণের কথা বলা হচ্ছে সেটি ভুয়া।
রোববার সন্ধ্যায় নোয়াখালীর হাতিয়ার চানন্দি ইউনিয়নের সাইফুল মার্কেটে ঐক্য ও সংহতি সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘একটা ভুয়া ধর্ষণের মধ্য দিয়ে ভারত পাহাড়ি ও বাঙ্গালিদের মুখোমুখি দাঁড় করিয়েছে’।
হান্নান মাসউদ বলেন, ‘বাংলাদেশের পার্বত্য অঞ্চল নিয়ে ষড়যন্ত্র চলছে। ভারত আমাদের পার্বত্য অঞ্চল কেড়ে নিতে চায়। আমরা আমাদের এক ইঞ্চি মাটিও কাউকে ছেড়ে দেব না। ১৯৭১ সালে যেমন পাকিস্তানের মোকাবিলা করেছি তেমনি ২০২৫ এ ভারতের মোকাবিলা করব।’
এনপিপির এই নেতা বলেন, ‘বাংলাদেশের তরুণ নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। তরুণ নেতৃবৃন্দ যখন মানুষের পাশে দাঁড়াচ্ছে, মানুষের কাছে আসছে তখন তাদের বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে।’
বাংলাদেশের দেখানো পথে ইন্দোনেশিয়া ও নেপাল স্বাধীন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘ইন্দোনেশিয়ায় প্রধানমন্ত্রীর বয়স মাত্র ৩৫। বাংলাদেশেও পঁয়ত্রিশ বছর বয়সী প্রধানমন্ত্রী হবে।’
জাতীয় নির্বাচন প্রসঙ্গে হান্নান মাসউদ বলেন, ‘ভোটের সময় বিভিন্ন অতিথি পাখি আপনাদের কাছে এসে মায়াকান্না করবে। আমি আপনাদের সন্তান, তাই কখনোই আপনাদের কাছে ভোট চাইতে আসবো না। আপনারা বিপদে-আপদে যাকে কাছে পাবেন তাকেই ভোট দেবেন।’
এসময় হাতিয়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী শামছল তিব্রিজ, এনসিপি নেতা ইউছুপ, বাগছাসের কেন্দ্রীয় নেতা হাফিজসহ অন্যরা উপস্থিত ছিলেন।


