ভারতে যে দলই রাষ্ট্র ক্ষমতায় আসুক না কেনো বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘ভারতে কোন দল ক্ষমতায় আসলো তা দেখার বিষয় নয়। আমরা স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করি। তাই যেই ক্ষমতায় আসুক না কেনো সম্পর্ক একই থাকবে।’
মঙ্গলবার দুপুরে জিয়া উদ্যানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।
এ সময় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত প্রার্থীদের অভিনন্দন জানান গয়েশ্বর চন্দ্র রায়।
এদিন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী সংরক্ষিত নারী আসনে এমপি নির্বাচিত হওয়ায় ঢাকা জেলা ও দক্ষিণ কেরাণীগঞ্জের বিভিন্ন পর্যায়ের হাজারও নেতাকর্মী জিয়া উদ্যানে শ্রদ্ধা জানাতে হাজির হন।
সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘ভারতের অভ্যন্তরীণ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আমাদের কাছে সবার আগে দেশ।’
নানা সংকটের মধ্যে বর্তমান সরকার দেশের দায়িত্ব নিয়েছে জানিয়ে তিনি বলেন, ‘সব চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশে সুদিন ফিরিয়ে আনা হবে।’
‘সরকারকে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করতে হবে। নারী নেতৃত্বকে আরও গুরুত্ব দিতে হবে। এখন আর একদলীয় শাসন ব্যবস্থা নেই, যা ইচ্ছা তা করা যাবে না’, যোগ করেন তিনি।
বিরোধী দলের সমালোচনার অবস্থান থেকেও দেশ পরিচালনায় গুরুত্ব পাবে বলে মনে করেন বিএনপির এই সিনিয়র নেতা।
একই কর্মসূচিতে অংশ নিয়ে নবনিযুক্ত নারী এমপি নিপুণ রায় চৌধুরী বলেন, ‘আগামী দিনে আমার রাজনীতি হবে গণমানুষের কল্যাণ করা। আমাদের দেশের পররাষ্ট্র নীতি হবে দেশের মানুষের স্বার্থের কথা বিবেচনা করে। এই সরকার দেশের মানুষের স্বার্থের বাইরে কোনো কাজ করবে না। কারণ এই দেশের মালিক দেশের জনগন।’
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন খোরশেদ আলম, মোজাদ্দেদ আলী বাবু, আশিকুর রহমান স্বপন, স্বেচ্ছাসেবক দলের নাজমুল হাসান অভি, আসাদুজ্জামান, যুবদলের মোকাররম হোসেন সাজ্জাদ, ছাত্রদলের পাভেল মোল্লা, তমিজ উদ্দিন, তাঁতী দলের হিরা হোসেনসহ অনেকে।


