পঞ্চগড়ের বোদা উপজেলায় অবৈধ উপায়ে ভারতে অনুপ্রবেশের সময় এক বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধ অনুপ্রবেশকারীর নাম অসীম বিশ্বাস (৪৩)। শনিবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার বড়শশী ইউনিয়নের অমরখানা এলাকা নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের বড়শশী ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে।
অসীম বিশ্বাস মাগুরা সদর উপজেলার রাউতরা এলাকার মৃত সুশীল বিশ্বাসের ছেলে।
বিজিবি জানায়, শনিবার রাত সাড়ে ১১ টার দিকে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের বড়শশী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তের মেইন পিলার ৭৭৮ এর ৭ নম্বর সাব পিলার এলাকা থেকে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অমরখানা এলাকা দিয়ে অবৈধ উপায়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন অসীম বিশ্বাস।
এ সময় বিজিবির টহল দল তাকে আটক করে। পরে তাকে আইনি প্রক্রিয়া শেষে বোদা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তিনি কাজের সন্ধানে অবৈধ উপায়ে ভারতে যাচ্ছিলেন বলে জানা গেছে।
বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল বলেন, ‘আটক ওই বাংলাদেশিকে আমাদের কাছে হস্তান্তর করেছে বিজিবি। তার বিরুদ্ধে বিজিবি পাসপোর্ট আইনে থানায় একটি মামলা করেছে। রোববার দুপুরে তাকে আদালতে তোলা হবে।’
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম বলেন, ‘আমাদের টহল দল সীমান্তে টহল দিচ্ছিল। এ সময় ওই বাংলাদেশি ব্যক্তি ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করলে আমরা তাকে ধরে ফেলি। পরে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সীমান্তে অবৈধ উপায়ে পাচার, অবৈধ সীমান্ত পারাপার, মাদক, গরুসহ চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


