১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় পীরগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রংপুর ৪ (কাউনিয়া–পীরগাছা) আসনের শাপলা প্রতীকের এই প্রার্থী।
শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় আখতার বলেন, ‘ভয় দেখিয়ে রাজনৈতিক অগ্রযাত্রা থামিয়ে রাখা যাবে না। জনগণের সমর্থন নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। কোনো হুমকিতে আমরা পিছপা হব না।’
নির্বাচনের মাঠে আদর্শ ও কর্মসূচি দিয়ে প্রতিদ্বন্দ্বিতা হবে মন্তব্য করে ‘হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের রাজনীতিতে জনগণ বিশ্বাস করে না।’
ভিডিও বার্তায় এনসিপি নেতা আরও দাবি করেন, দেশজুড়ে অন্যদের মতো তার নির্বাচনী এলাকায়ও শাপলা কলির নেতাকর্মীদের হুমকি দেওয়া হয়েছে। আখতার বলেন, ‘বিকেলে অপরিচিত নাম্বার থেকে একটা কল আসে। আমাকে অসভ্য ভাষায় গালিগালাজের পাশাপাশি পরিবারসহ আমাকে মেরে ফেলার হুমকি দেয়।’
এমন পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে বলেও প্রত্যাশা করেন এই ১১ দলীয় জামায়াত জোটের প্রার্থী।
আখতার হুঁশিয়ার করে বলেন, ‘ফ্যাসিবাদের আমল থেকেই আমরা জেল, জুলুম, নির্যাতন শিকার হয়ে এই পর্যায়ে এসেছি। হত্যার হুমকি দিয়ে, ভয় দেখিয়ে আমাদের জয়যাত্রাকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না।’
এদিকে জিডি সূত্রে জানা যায়, গত শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে পীরগাছা থানার ছাওলা ইউনিয়নের কিশামত গ্রামে নির্বাচনী প্রচারণা চলাকালে একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে আখতারের ব্যবহৃত মোবাইল নম্বরে কল করে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। হুমকি দেওয়ার পরপরই কলটি কেটে দেওয়া হয়।’
ওই ব্যক্তি যে কোনো সময় তার বড় ধরনের ক্ষয়ক্ষতি করতে পারে সে আশঙ্কায় ও ভবিষ্যতের নিরাপত্তার স্বার্থে সাধারণ ডায়েরি করা প্রয়োজন মনে করায় তিনি পীরগাছা থানায় আবেদন করেন।


