জ্বালানি ও বিদ্যুৎ সংকটের ঝুঁকি মোকাবেলায় দেশের ব্যাংকগুলো এবং এর কর্মকর্তাদের বিভিন্ন ধরনের সাশ্রয়ী পদক্ষেপ মেনে চলতে বলেছে বাংলাদেশ ব্যাংক।
যার মধ্যে অফিসের বৈদ্যুতিক বাতি, ফ্যান, এসিসহ অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহার যেমন সীমিত করতে বলা হয়েছে। তেমনি ব্যক্তিগত যানবাহনের পরিবর্তে গণপরিবহন ব্যবহারেরও নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের জারি করা এক সার্কুলারে এসব কথা বলা হয়েছে।
সেখানে বলা হয়, বর্তমান বৈশ্বির পরিস্থিতির ফলে আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি হওয়ায় জ্বালানি ও বিদ্যুৎ সংকটের ঝুঁকি মোকাবিলায় জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে সরকার বিভিন্ন সাশ্রয়ী পদক্ষেপ নিয়েছে।
এ অবস্থায় তফসিলি ব্যাংকগুলোর প্রধান কার্যালয়, শাখা, উপ-শাখা এবং অন্যান্য অফিসে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় নিশ্চিতে কিছু নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
প্রথম নির্দেশনায় বলা হয়েছে, অফিসের ভেতরে বৈদ্যুতিক বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার এবং অন্যান্য ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার সীমিত করতে হবে। দিনের আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে এবং অপ্রয়োজনে লাইন ও এসি বন্ধ রাখতে হবে।
এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা যাবে না।
ব্যাংকের ব্যবহৃত যানবাহনের জ্বালানি খরচ কমানোর লক্ষ্যে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক ভ্রমণে মিতব্যয়িতা অবলম্বন করতে হবে। ব্যক্তিগত যানবাহনের পরিবর্তে গণপরিবহন ব্যবহার এবং সম্ভব হলে শেয়ারিং বা কার পুলিং ব্যবস্থা অবলম্বন করতে হবে।
জ্বালানি তেলের ব্যবহার কমাতে অপ্রয়োজনীয় যাতায়াত যথাসম্ভব সীমিত বা পরিহার করতে হবে।
ব্যাংক ভবনের আলোকসজ্জা ও প্রচারের কাজে ব্যবহৃত বৈদ্যুতিক ডিসপ্লে বোর্ড ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত সময়সূচি ও বিধিনিষেধ যথাযথভাবে অনুসরণ করতে হবে। এক্ষেত্রে অতিরিক্ত ও অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করতে হবে। বিদ্যুৎ জেনারেটরে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী পদক্ষেপ নিতে হবে।


