একদফা কমার পর দেশের বাজারে আবারও সোনার দাম বেড়েছে। দুই সপ্তাহের জন্য মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মধ্যেই বিশ্ববাজারে সোনার দাম বাড়ল।
সবচেয়ে ভালো মানের সোনার (২২ ক্যারেট) দাম ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা।
বুধবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং-এর এক জরুরি সভায় নির্ধারিত নতুন এ দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন দাম অনুযায়ী দেশের বাজারে এখন ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২১৩ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে বেড়ে হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।
পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে গয়নার বেলায় বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ মূল্য সংযোজন কর ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।
এর আগে, গত ৬ এপ্রিল সকালে দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা নির্ধারণ করা হয়েছিল।


