বহুল আলোচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সোমবার সকাল ১০টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।
নানা বিতর্ক ও জটিলতাকে পেছনে ফেলে নির্ধারিত সময়েই শুরু হয়েছে এ নির্বাচন। চূড়ান্ত ভোটার তালিকায় থাকা কাউন্সিলররা বেছে নিচ্ছেন তাদের পছন্দের প্রার্থীকে। এখন পর্যন্ত ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন পরিচালক পদপ্রার্থীরা।
নানান অনিশ্চয়তা ও আইনি জটিলতার কারণে যথাসময়ে নির্বাচন আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত আদালতের রায় ও যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে সময়মতোই শুরু হয়েছে বহুল আলোচিত-সমালোচিত এই ভোটগ্রহণ। চূড়ান্ত তালিকাভুক্ত ১৫৬ জন কাউন্সিলরই এবার ভোট দিয়ে নির্ধারণ করবেন বিসিবির নতুন নেতৃত্ব। তবে নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রার্থীদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া।
২৫ সদস্যের পরিচালনা পর্ষদের মধ্যে কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হবেন ২৩ জন পরিচালক, আর বাকি দুইজন মনোনীত হবেন জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে। ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৬ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। শেষ মুহূর্তে ঢাকা বিভাগের প্রার্থী আবদুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান প্রার্থীতা প্রত্যাহার করলেও মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা শেষ হয়ে যাওয়ায় তা গ্রহণ করা হয়নি। ফলে এই বিভাগ থেকেও আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিমের জয় প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে।
পরিচালনা পর্ষদের ফলাফল ঘোষণা করা হবে সন্ধ্যা ৬টায়। এরপর নবনির্বাচিত পরিচালকদের ভোটে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। ফলাফল ঘোষণা করা হবে রাত ৯টায়।


