বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনের জন্য শনিবার তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শনিবার প্রধান নির্বাচন কমিশনার আহসানুল করিম স্বাক্ষরিত এই তফসিলে জানা গেছে, আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন।
নির্বাচনে অংশগ্রহণের জন্য আগামী ২০ ও ২১ মে বিক্রি করা হবে মনোনয়নপত্র। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামস্থ বিসিবি কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।
২২ মে যাচাই-বাছাই শেষে ২৩ মনোনয়নপত্রের তালিকা দেবে নির্বাচন কমিশন। ২৪ মে মনোনয়ন তালিকার ওপর আপত্তি গ্রহণ ও শুনানির সু্যোগ থাকছে। মনোনয়ন প্রত্যাহারের জন্য ধার্য করা হয়েছে ২৫ মে সকাল ১০টা থেকে দুপুর ২টা। সেদিনই প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
পোস্টাল ব্যালটে ভোট দেয়ার সুযোগ থাকছে এবারও। এর জন্য আবেদন করতে হবে ২৫ মে। এরপর ৭ জুন বিসিবির বোত্ররড রুমে অনুষ্ঠিত হবে বিসিবি পরিচালকদ পদের জন্য নির্বাচন। ভোটে নির্বাচিত পরিচালকদের ভোটে পরবর্তীতে নির্বাচিত হবেন একজন সভাপতি ও দুইজন সহ-সভাপতি।
সবসময়ের মতো এবারও তিন ক্যাটাগরি থেকে নির্বাচিত হবে ২৩ জন পরিচালক। ক্যাটাগরি-১, অর্থাৎ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে ১০ জন, ক্যাটাগরি-২; ক্লাবের প্রতিনিধি হিসেবে ১২ জন ও সাবেক ক্রিকেটার, বিশ্ববিদ্যালয় ও শিক্ষা বোর্ড থেকে ক্যাটাগরি-৩ থেকে আসবেন একজন। বাকি দুজন পরিচালক বোর্ডে আসেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়ন পেয়ে।


