ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং প্রস্তুতি সম্পর্কে বিদেশি কূটনীতিকদের বিস্তারিত জানিয়েছে সরকার। একইসঙ্গে বাংলাদেশে কর্মরত বিদেশি কূটনীতিক ও দূতাবাসগুলোর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও সরকারের পক্ষ থেকে নিশ্চয়তা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এক বিশেষ সভায় ঢাকাস্থ বিদেশি দূতাবাস, জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের এই বিষয়ে ব্রিফ করা হয়।
সভায় পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম কূটনীতিকদের আশ্বস্ত করে বলেন, নির্বাচন উপলক্ষে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীসহ সকল বাহিনী অত্যন্ত সতর্ক রয়েছে। তিনি জানান, নির্বাচনের জন্য একটি সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নিরাপত্তা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্বাচন পর্যবেক্ষণের বিষয়ে পররাষ্ট্রসচিব উল্লেখ করেন, নির্বাচন কমিশন ইতোমধ্যে বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানিয়েছে। আন্তর্জাতিক কোনো সংস্থা বা দেশ যদি নির্বাচন পর্যবেক্ষণে প্রতিনিধি পাঠাতে চায়, তবে নির্বাচন কমিশন তাদের আন্তরিকভাবে স্বাগত জানাবে।
কূটনৈতিক সূত্রগুলো থেকে জানা গেছে, নির্বাচনের তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা উদ্বেগ তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে বিদেশি কূটনীতিকদের মনেও বিভিন্ন প্রশ্ন ও সংশয় দেখা দেয়, যা নিরসন করতেই এই ব্রিফিং আয়োজন করা হয়। ব্রিফিংয়ে ঢাকাস্থ বিভিন্ন দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার প্রায় ৪০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।


