বিজিবি ক্যাম্পে ঢুকে হুমকি, ৪ বিএনপি নেতাসহ আটক ৬

বিজিবি ক্যাম্পে ঢুকে হুমকি, ৪ বিএনপি নেতাসহ আটক ৬
গ্রেপ্তারকৃতদের আদালতে নেওয়া হচ্ছে
Advertisement
Advertisement

লালমনিরহাটের পাটগ্রামে পাথর উত্তোলনের অবৈধ ড্রেজার মেশিন জব্দ করায় বিজিবি ক্যাম্পে ঢুকে হুমকি দেওয়ার অভিযোগে ৪ বিএনপি নেতাসহ ৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার রাতে উপজেলার আলাউদ্দিন নগর এলাকায় এ ঘটনা ঘটে। পরে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দিয়ে আটক ব্যক্তিদের পাটগ্রাম থানা-পুলিশে সোপর্দ করা হয়েছে।

পুলিশ ও ঘটনার বিবরণ অনুযায়ী, বিজিবি সদস্যরা আলাউদ্দিন নগর মেচেরঘাট এলাকা থেকে পাথর উত্তোলনের একটি অবৈধ ড্রেজার মেশিন জব্দ করে স্থানীয় বিজিবি ক্যাম্পে নিয়ে যান। এ খবর পেয়ে বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি বিজিবি ক্যাম্পে প্রবেশ করেন। সেখানে তারা বিজিবি সদস্যদের ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিয়ে জব্দ করা ড্রেজার মেশিন ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান।

এসময় বিজিবি সদস্যরা সরকারি কাজে বাধা ও হুমকির অভিযোগে ৬ জনকে আটক করেন। আটক ব্যক্তিরা হলেন বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সম্পাদক আইয়ুব আলী, ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সম্পাদক আবু সাঈদ, সহসভাপতি মতিউর রহমান এবং শাহাদাত হোসেন ও দুলাল মিয়া।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ সাইফুল রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবি ক্যাম্পে ঢুকে দায়িত্বরত সদস্যদের হুমকি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বিজিবির পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়। আটক ৬ জনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর