বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এএফএম শাহীনুল ইসলামের নিয়োগ বাতিল করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ মঙ্গলবার এক প্রজ্ঞাপনে তার নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত ভিডিও ছড়িয়ে পড়ার পর তাকে এ পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, এএফএম শাহীনুল ইসলামের সঙ্গে সরকারী চুক্তির অনুচ্ছেদ ৭ অনুযায়ী, বিএফআইইউ প্রধানের পদে তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এএফএম শাহীনুল ইসলামের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যা সম্প্রতি তার বিতর্কিত ভিডিও প্রকাশের পর বাংলাদেশ ব্যাংকের অনুরোধের পরিপ্রেক্ষিতে গঠন করা হয়। তদন্ত কমিটি গঠন করা হয় চলতি বছরের ৯ জানুয়ারি নিয়োগ পাওয়ার প্রায় সাড়ে সাত মাস পর।

এই তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব সাইদ কুতুব।
সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন যুগ্মসচিব মোহাম্মদ সাইদুল ইসলাম। অন্যান্য সদস্যরা হলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম এবং তথ্যপ্রযুক্তি বিভাগের পরিচালক মো. মতিউর রহমান।
তদন্ত কমিটিকে এএফএম শাহীনুল ইসলামের বিতর্কিত ভিডিও সম্পর্কিত তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়। কমিটির প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতেই তাকে বিএফআইইউ প্রধানের পদ থেকে অপসারণ করা হয়েছে বলে সূত্রে জানা গেছে।


