নিজের দল বিলুপ্ত করে নেতাকর্মীদের নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা। সোমবার বিকালে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি দলটিতে যোগ দেন।
এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল তুলে দেন সৈয়দ এহসানুল হুদা। তিনি আগামী সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবেন।
এহসানুল হুদা জানান, দেশে সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে তিনি নিজের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন।
দলে নবাগতদের অভিনন্দন জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সৈয়দ এহসানুল হুদা ও তার নেতাকর্মীদের যোগদান বিএনপিকে আরও শক্তিশালী করবে।
যোগদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।


