ঢাকার উত্তরা এলাকায় বাবার সামনে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার লামিন ইসলামের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালত এ আদেশ দেন। ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক তাহমিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেন।
একদিনের রিমান্ড শেষে লামিনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক ফরিদুজ্জামান।
আসামির পক্ষে তার আইনজীবী শহিদুল ইসলাম জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
গত ১ মে দেড়টায় গাজীপুরের পুবাইল থানাধীন একটি এলাকা থেকে অপহরণ মামলার প্রধান আসামি লামিন ইসলামকে গ্রেপ্তার করা হয়। একই সময় অপহৃত শিক্ষার্থী তুবাকে উদ্ধার করা হয়। পরদিন ২ মে আসামির পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। আদালত আসামিকে কারাগারে পাঠিয়ে ৪ মে রিমান্ড শুনানির দিন ধার্য করেন। এদিন আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করা হয়। গ্রেপ্তার লামীনের বাড়ি গাজীপুরের কালীগঞ্জ থানার রায়েরদিয়া উলুখোলা এলাকায়।
মামলার অভিযোগে বলা হয়, ভুক্তভোগী জেরিন জামান তুবা (১৪) উত্তরা গার্লস স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। গত ২২ এপ্রিল দুপুর আড়াইটার দিকে পরীক্ষা শেষে বাসায় ফেরার পথে উত্তরা পূর্ব থানাধীন সেক্টর-৬ এলাকা থেকে আসামি লামিন ইসলাম (১৯) ও তার সহযোগীরা জোরপূর্বক তাকে একটি প্রাইভেটকারে করে অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যায়। ওই ঘটনায় ভিকটিমের বাবা মো. কামরুজ্জামান বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় একটি মামলা দায়ের করেন।


