বান্দরবানের রুমার বগালেক থেকে কেওক্রাডং পর্যটন স্পটে যাওয়ার সময় চাঁদের গাড়ি (জীপ) উল্টে ১১ পর্যটক আহত হয়েছেন। তাদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর।
বৃহস্পতিবার সকালে বগালেক-কেওক্রাডং সড়কের পেঁপে বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। তবে, তারা সবাই কুষ্টিয়া জেলার বাসিন্দা।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহরাওয়ার্দী জানান, বুধবার বান্দরবান ও রুমা হয়ে বগালেক পর্যটন এলাকায় আসেন তারা। বৃহস্পতিবার ভোরে তারা একটি চাঁদের গাড়ি নিয়ে কেওক্রাডংয়ের উদ্দেশে যাত্রা করেন। পথে পেঁপে বাগান এলাকার খাড়া পয়েন্টে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে সেতুর রেলিং এ ধাক্কা লেগে গাড়িটি রাস্তার পাশে পড়ে যায়।
ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে প্রথমে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে দুই জনের অবস্থা খুবই গুরুতর বলেও জানান তিনি।
এদিকে, বান্দরবানের লামায় আরেকটি পণ্যবাহী ট্রাক খাদে পড়ে চালক মোস্তফা কামাল নিহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে চিরিঙ্গা-লামা-আলীকদম সড়কের পশ্চিম লাইন ঝিরি পয়েন্টে এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা কামাল কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বাসিন্দা।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, কক্সবাজার থেকে লামায় যাওয়ার সময় পণ্যবাহী একটি ট্রাক খাদে পড়ে চালক নিহত হন। ধারণা করা হচ্ছে, ঢালু রাস্তায় নামতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাক খাদে পড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় চালক মোস্তফা কামালকে উদ্ধার করে। পরে তাকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


