ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা মারা গেছেন। বুধবার সকাল ৭টার দিকে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রশাসনিক সূত্র জানায়, সোমবার কর্মস্থলে মাইগ্রেনজনিত অসুস্থতা বোধ করেন ইউএনও ফেরদৌস আরা। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে সেখানে একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানেই তিনি মারা যান।
ফেরদৌস আরা ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা ছিলেন। তিনি ২০২৫ সালের ৯ জানুয়ারি বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালন করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে জানান, অসুস্থ হওয়ার পর ঢাকায় নেওয়ার সময় ফেরদৌস আরা মাইগ্রেনের ব্যথায় ভুগছিলেন। বুধবার সকালে তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্র জানায়, তার বাবার বাড়ি ঢাকার যাত্রাবাড়ীর শেখদী এলাকায়। শ্বশুরবাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার খানের বাড়ি এলাকায়। তাকে সেখানে দাফন করা হবে। তিনি এক কন্যা সন্তানের জননী ছিলেন।
এদিকে ইউএনও ফেরদৌস আরার মৃত্যুতে শোক জানিয়েছেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। শোকবার্তায় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।


