চট্টগ্রামের লোহাগাড়ায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আবু হেনা রুবেল (৪০) নামে এক শিবির নেতার মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার হাইওয়ের আমিরাবাদ ইউনিয়নের পুরাতন বিওসি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল উপজেলার কলাউজান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সামমহাজন বাড়ির আজিজুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের চান্দগাঁও থানার সাবেক সাথী ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য মো. বাবুল জানান, রাতে পদুয়া স্টেশন এলাকার একটি কমিউনিটি সেন্টারে নিকটাত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন রুবেল। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে পুরাতন বিওসি এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনার বিষয়ে তাদের আনুষ্ঠানিকভাবে কেউ জানাননি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


