বাংলাদেশের মানুষ সঠিক, স্বচ্ছ, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন চায় বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ড. রশিদ আহমেদ হোসাইনী।
তিনি বলেন, বাংলাদেশে গণভোটের সময় এখনো আসেনি। যারা জনগণের ভোটে নির্বাচিত হতে পারবেন না বলে আশঙ্কা করছেন তারা নির্বাচনকে ভিন্নখাতে প্রবাহিত করে নষ্ট করার পাঁয়তারা করছেন।
রোববার বিকালে লাকসাম বাজারে ও মনোহরগঞ্জ উপজেলার খিলা বাজারে ‘রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের’ লক্ষ্যে লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে জনগণের উদ্দেশে রশিদ আহমেদ বলেন, ‘আগামী ফেব্রুয়ারীতে জাতীয় সংসদ নির্বাচন হবে। এর মাধ্যমে বাংলাদেশ একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে।’
লিফলেট বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির নেতা খোরশেদ আলম খসরু, এ কে এম আতিকুর রহমান লিটন, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন শিপন, লাকসাম উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মাইন উদ্দিন সাকিব, নওয়াব ফয়েজুন্নেছা কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি নাছির উদ্দিন সোহেল ও সাধারণ সম্পাদক ইলিয়াস মজুমদার।


