বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি মন্ত্রী

বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি মন্ত্রী
বাংলাদেশের ধর্মমন্ত্রীর কায়কোবাদের সঙ্গে বৈঠক করেন সৌদি হজ ও ওমরাহমন্ত্রী তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহ। শুক্রবার সকালে সৌদি আরবের রিয়াদে দ্য পিলগ্রিমস এক্সপেরিয়েন্স প্রোগ্রাম সেন্টারে। ছবি: ধর্ম মন্ত্রণালয়ের সৌজন্যে
Advertisement
Advertisement

বাংলাদেশের এ বছরের হজ ব্যবস্থাপনার দক্ষতা ও সুশৃঙ্খলতার প্রশংসা করেছেন সৌদি হজ ও ওমরাহমন্ত্রী তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহ।

শুক্রবার সকালে সৌদি আরবের রিয়াদে ‘দ্য পিলগ্রিমস এক্সপেরিয়েন্স প্রোগ্রাম সেন্টারে’ বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এই প্রশংসা করেন।

সৌদি মন্ত্রী ২০২৬ সালের হজের সার্বিক ব্যবস্থাপনায় সাফল্যের জন্য বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রমের প্রশংসা করেন এবং আন্তরিক নেতৃত্বের জন্য ধর্মমন্ত্রীকে অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি ধর্মমন্ত্রীর মাধ্যমে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আন্তরিক ধন্যবাদ জানান।

বৈঠকে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী আগামীতে সার্বিক হজ ব্যবস্থাপনার উন্নয়নে বাংলাদেশের সহায়তা কামনা করেন এবং ২০২৭ সালের হজ ব্যবস্থাপনার উন্নয়নে সৌদি সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন।

আরও পড়ুন

এদিকে কায়কোবাদ সামগ্রিক হজ ব্যবস্থাপনার অভূতপূর্ব উন্নয়নের জন্য সৌদি সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি এবারের হজে হজযাত্রীদের নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ, ভিড় ব্যবস্থাপনা, তথ্য-প্রযুক্তির ব্যবহার ও মাশায়েরে হাজী সেবার মাধ্যমে সুন্দর পরিবেশ তৈরির জন্য সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ, ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এবং সৌদি হজ মন্ত্রীকে ধন্যবাদ জানান।

সেই সঙ্গে আল্লাহর মেহমানদের সেবায় হজ ব্যবস্থাপনার উন্নয়নে বাংলাদেশ সবসময় সৌদি সরকারের পাশে থাকবে বলে আশ্বাস দেন ধর্মমন্ত্রী।

এই দ্বিপক্ষীয় বৈঠকে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলওয়ার হোসেন ও কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলামসহ দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad