বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং ক্ষমতার বিরুদ্ধে সত্য উচ্চারণে ‘টাইমস অব বাংলাদেশ’ ইতিবাচক ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।
রাজধানীর ঢাকা ক্লাবে পত্রিকাটির বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত আয়োজনে তিনি এ মন্তব্য করেন।
সারোয়ার তুষার বলেন, স্বাধীন গণমাধ্যমের বাস্তবতা প্রতিষ্ঠায় পেশাদার ও বস্তুনিষ্ঠ সংবাদমাধ্যমগুলোর এগিয়ে আসা প্রয়োজন।
টাইমস অব বাংলাদেশ জনগণের পক্ষে অ্যানালিটিক্যাল ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের যে চেষ্টা চালিয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অতীতে বাংলাদেশে গণমাধ্যম যেভাবে দমন-পীড়নের শিকার হয়েছে সে কথা স্মরণ করিয়ে দিয়ে এনসিপির এই নেতা বলেন, ‘মিডিয়া সেটার সঙ্গে ফাইট করেছে, ইন্টারনালি তারা অনেক ফাইট করেছে। আমরা চাইব যেকোনো ধরনের প্রেসার বা চাপের মধ্যে তারা নতি স্বীকার করবে না।’
সারোয়ার তুষার আরও বলেন, ‘তারা সবসময় যেটা জনগণের স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট, ক্ষমতার বিরুদ্ধে সত্য উচ্চারণ–যাকে বলা হয়ে থাকে “স্পিকিং ট্রুথ টু পাওয়ার”–সেই কাজটা তারা করবে। আমরা এখনো পর্যন্ত যতটুকু তাদের কার্যক্রম দেখেছি, এটা আমাদেরকে আশান্বিত করেছে এবং এই ধারাটা অব্যাহত থাকুক।’
বর্তমান সময়ে সংবাদ পরিবেশনের ধরন নিয়ে তিনি বলেন, ভিজ্যুয়াল বা দৃশ্যমান উপস্থাপন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিন্ট মিডিয়া পড়ার আগ্রহ মানুষের মধ্যে কিছুটা কমলেও টাইমস অব বাংলাদেশ তাদের পরিবেশনায় যে অভিনবত্ব ও সময়ের ছোঁয়া এনেছে, তা পাঠককে আকৃষ্ট করে।
সারোয়ার তুষার উল্লেখ করেন, ভিজ্যুয়ালটা আই-ক্যাচি। একটা নিউজকে রিডার যেন পড়ে, প্রলুব্ধ করা—সেই ধরনের অনেক মেকানিজম নিউজের পরিবেশনের মধ্যে দেখি। নিউজ পরিবেশনের ধরনের মধ্যে একটা অভিনবত্ব আছে এবং এই সময়ের ছোঁয়া আছে, যা প্রিন্ট মিডিয়ার মধ্যে একটু কম দেখা যায়।
বর্তমান প্রজন্মকে সংবাদের প্রতি আকৃষ্ট করার এই প্রচেষ্টাকে তিনি অত্যন্ত ইতিবাচক উদ্যোগ হিসেবে অভিহিত করেন।


