বরিশালে হাফভাড়াকে কেন্দ্র করে বাসশ্রমিকদের সঙ্গে ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে অর্ধশতাধিক বাস ভাঙচুর হয়েছে।
শনিবার রাত ৭টার পর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকায় দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হন।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

রাত ৮টা ১৫ মিনিটের দিকে শিক্ষার্থীরা মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে। এতে টার্মিনাল ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শ্রমিক নেতা আরজু মৃধা টাইমস অব বাংলাদেশকে জানান, কলেজ বন্ধের দিনও হাফভাড়া দেওয়া নিয়ে এক শিক্ষার্থীর সঙ্গে বাসশ্রমিকের তর্কের জের ধরে উত্তেজনা তৈরি হয়। পরে কয়েক শত শিক্ষার্থী নথুল্লাবাদ স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা অর্ধশতাধিক বাস ভাঙচুর করে। শ্রমিকদেরও গুরুতরভাবে মারধর করা হয়।

অন্যদিকে, বিএম কলেজের শিক্ষার্থীরা টাইমসকে বলেন, ‘হাফভাড়া তাদের অধিকার। মুলাদী থেকে বরিশালে ফেরার পথে এক শিক্ষার্থী হাফভাড়া চাইলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে শ্রমিকরা। খবর পেয়ে তারা নথুল্লাবাদে জড়ো হয়ে শ্রমিকদের বিচার দাবি করেন।’ তাদের শান্তিপূর্ণ অবস্থানে শ্রমিকরা হামলা করেছে বলে অভিযোগ করেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উল ইসলাম বলেন, ‘শ্রমিক ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের খবর পেয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের চেষ্টা অব্যাহত আছে।’


