বরগুনা ও নোয়াখালীতে কোস্ট গার্ডের আলাদা ২টি অভিযানে ১০২ কেজি হরিণের মাংসসহ শিকারি এবং এক কেজি গাঁজাসহ মাদক কারবারিকে আটক করা হয়েছে।
রোববার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাত ৩টায় কোস্ট গার্ডের পাথরঘাটা স্টেশন বিশেষ অভিযান পরিচালনা করে বরগুনার পাথরঘাটা থানার কাঠালতলী গ্রাম সংলগ্ন এলাকায়। অভিযানে ওই এলাকা থেকে ১০২ কেজি হরিণের মাংসসহ ১ হরিণ শিকারিকে আটক করা হয়।
জব্দ করা হরিণের মাংস ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে পাথরঘাটা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
এছাড়া গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাত ১টায় কোস্ট গার্ডের হাতিয়া স্টেশন বিশেষ অভিযান চালায় নোয়াখালীর হাতিয়া থানার ছৈয়দিয়া বাজার সংলগ্ন এলাকায়। অভিযানে ওই এলাকায় সন্দেহজনক এক ব্যক্তিকে তল্লাশি করে প্রায় ৩০ হাজার টাকা দামের ১ কেজি গাঁজাসহ আটক করা হয়।
জব্দকৃত আলামত এবং আটককৃত মাদক কারবারির বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধ এবং মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান তিনি।


