বরগুনার বামনায় ভাগনেকে সাঁতার শেখাতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মামা ও ভাগনের মৃত্যু হয়েছে।
শনিবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার দক্ষিণ আমতলী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন ওই গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে ওবায়দুল (৯) ও তার মামা হাফেজ তালিমুল ইসলাম (২১)।
পারিবারিক সূত্রে জানা গেছে, ওবায়দুলকে সাঁতার শেখাতে বাড়ির পাশের পুকুরে নিয়ে যান তালিমুল। দীর্ঘক্ষণ তাদের খোঁজ না পেয়ে পুকুরঘাটে যান স্বজনরা। সেখানে জামাকাপড় পড়ে থাকতে দেখে পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন তারা। পরে অচেতন অবস্থায় দুজনকে উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন খান বলেন, ‘স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’


