নোয়াখালীর কোম্পানীগঞ্জে আগুনে ওয়ালটন শোরুম, জুয়েলার্সসহ সাতটি দোকান পুড়ে গেছে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। এ ঘটনায় দুজন আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার বসুরহাট দক্ষিণ বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে। আহতরা হলেন জয়নাল আবেদীন (৭৫) ও হাজী এন্টারপ্রাইজের কর্মচারী মো. রানা (২৮)।
স্থানীয়রা জানান, সকালে ন্যাশনাল ক্রোকারিজের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের হাজী এন্টারপ্রাইজ ও ওয়ালটন শোরুম, ডা. মতিন ডেন্টাল কেয়ার, হাজী জুয়েলার্স, ফিটনেস জিম, স্কাই ভিউ স্টুডিও ও একটি সেলুনে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কোম্পানীগঞ্জ ও কবিরহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ভবনগুলোর আবাসিক অংশে থাকা ১৫ জনকে নিরাপদে উদ্ধার করা হয়।
নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।


