ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে ইউনেসকো বাংলাদেশ অফিসের কান্ট্রি ডিরেক্টর সুশান ভাইজ এবং ইউনেসকো সদর দপ্তরের রুল অব ল অ্যান্ড ফ্রিডম অব এক্সপ্রেশন সেকশনের টিম লিডার মেহদী বেনচেলাহসহ তিন সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এ সাক্ষাৎ সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাক্ষাৎকালে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে গঠনমূলক ও পেশাদার সম্পর্ক জোরদার, আইনের শাসন ও মত প্রকাশের স্বাধীনতা এবং ভুল তথ্য ও অপতথ্য প্রতিরোধে ইউনেসকোর ভূমিকা নিয়ে আলোচনা হয়।
প্রতিনিধিদল মতপ্রকাশের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা এবং তথ্যপ্রাপ্তির অধিকার উন্নয়নে ইউনেসকোর বৈশ্বিক ম্যান্ডেট পুনর্ব্যক্ত করেন।
একই সঙ্গে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক আস্থা ও পেশাদারিত্ব বাড়াতে ফ্যাক্ট-চেকিং বা তথ্য যাচাই বিষয়ে সাংবাদিক ও সংশ্লিষ্ট অংশীজনদের জন্য প্রশিক্ষণ আয়োজনের প্রস্তাব দেন তারা।
ভুল তথ্য, অপতথ্য ও গুজব প্রতিরোধে তথ্য যাচাইয়ের গুরুত্ব তুলে ধরে প্রতিনিধিদল বলেন, এ ধরনের প্রশিক্ষণ জনস্বার্থ রক্ষা এবং সংকট ব্যবস্থাপনায় সহায়ক হবে।
আইজিপি প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে দেশের বিরাজমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের প্রস্তুতি এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে অবহিত করেন।
তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথমবারের মতো প্রায় দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। চলতি মাসের মধ্যেই এই প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হবে বলে তিনি জানান।
নির্বাচনকালীন শান্তিশৃঙ্খলা বজায় রাখতে গৃহীত সার্বিক ব্যবস্থার কথাও তুলে ধরেন আইজিপি। এ সময় স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি মো. গোলাম রসুলসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


