দেশের বন্ধ ও অলাভজনক সরকারি কলকারখানাগুলোকে পুনরায় সচল এবং লাভজনক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে শিগগিরই ‘রোড শো’ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘বন্ধ কলকারখানা চালু সংক্রান্ত’ এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু।
হাসান শিপলু বলেন, প্রধানমন্ত্রী শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ ও অলাভনক কলকারখানা চালুর বিষয়ে বৈঠক করেছেন। ওই সব কলকারখানায় দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে শিগগিরই রোড শো আয়োজন করবে সরকার। সভায় এই লক্ষ্যে চলতি মাসের মধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, সভায় শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বন্ধ ও অলাভজনক কারখানাগুলোর বর্তমান অবস্থা, সমস্যা, সম্ভাবনা এবং করণীয় বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।
বন্ধ কারখানা চালু এবং অলাভজনক কারখানাগুলো লাভজনক করে তুলতে বিশেষজ্ঞ কমিটির সুপারিশ নেওয়া হচ্ছে বলেও সভায় জানানো হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, শিল্প সচিব ওবায়দুর রহমানসহ শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


