ময়মনসিংহের ত্রিশাল দরিরামপুর নজরুল একাডেমি মাঠে বন্ধু মুনতাসির ফাহিমকে (২২) খুন করে থানায় আত্মসমর্পণ করেছে অনিক মন্ডল (২২) নামের এক যুবক।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে এইঘটনা ঘটে।
নিহত মুনতাসির ফাহিম ত্রিশাল ইউনিয়নের চিকনা গ্রামের বাসিন্দা সাবেক মেম্বার বাদলের ছেলে। সে স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করত। তবে কিছুদিন আগে ছুটিতে দেশে এসেছিল।
অনিক মন্ডল টাঙ্গাইলের একটি কলেজে অনার্সে অধ্যয়ন করছে। সে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। হত্যাকাণ্ডের আধাঘণ্টা পর ঘাতক একটি ধারালো কুড়ালসহ থানায় আত্মসমর্পণ করে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনসুরুল আলম খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘হত্যাকাণ্ডের পর হাতে রক্তাক্ত কুড়ালসহ থানায় এসে ঘটনার বর্ণনা করেছে অনিক মন্ডল। সে পুলিশকে জানিয়েছে নিহত ফাহিম তার অনেক ক্ষতি করেছে। পূর্বশত্রুতার জেরে সে ফাহিমকে খুন করেছে।‘
এছাড়া এ হত্যাকাণ্ডের অন্য কোনো কারণ আছে কী না তা পুলিশ তদন্ত করছে। নিহত ফাহিমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


