ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার বিকালে তাদের ঢাকা যুগ্ম মহানগর দায়রা জজ আদালত-৭ এবং বিশেষ ট্রাইব্যুনাল-১৩–এ হাজির করা হলে সংশ্লিষ্ট আদালতের বিচারক মিনাজ উদ্দীন সাজা কার্যকরের জন্য দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) ধানমন্ডি এলাকা থেকে মোহাম্মদ রাসেল ও শামীমা নাসরিনকে গ্রেপ্তার করে। পরে পুলিশ পাহারায় তাদের আদালতে তোলা হয়।
দুপুরে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, রাসেলের বিরুদ্ধে শুধু ধানমন্ডি থানায় নয়, রাজধানীর বিভিন্ন থানায় একাধিক গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে এখন পর্যন্ত ৩৯১টি ওয়ারেন্টের তথ্য পাওয়া গেছে।
এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়।
প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে রাসেল ও শামীমাকে গ্রেপ্তার করা হয়েছিল। সেসময় তারা বেশ কিছুদিন কারাগারে ছিলেন।
পরে শামীমা নাসরিন ২০২২ সালের এপ্রিল মাসে এবং মোহাম্মদ রাসেল ওই বছরের ডিসেম্বর মাসে জামিনে মুক্তি পান। তাদের জামিন পাওয়া নিয়ে সেসময় সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা-সমালোচনাও হয়।


