ফিফা বিশ্বকাপ আয়োজনকারী উত্তর আমেরিকার শহরগুলোর মধ্যে কানাডার ভ্যাঙ্কুভার শহরটিকে সবচেয়ে সেরা বলে আখ্যায়িত করেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রীড়া ম্যাগাজিন স্পোর্টস ইলাস্ট্রেটেড। কানাডার আরেক শহর টরোন্টো রয়েছে তৃতীয় অবস্থানে।
স্বনামধন্য ক্রীড়া গণমাধ্যমটি শুক্রবার খেলা আয়োজনকারী ১৬টি আমেরিকান, কানাডিয়ান এবং মেক্সিকান শহরের একটি র্যাঙ্কিং প্রকাশ করেছে, যেখানে ব্রিটিশ কলাম্বিয়ার বৃহত্তম শহরটি তালিকার শীর্ষে রয়েছে।
স্পোর্টস ইলাস্ট্রেটেড জানিয়েছে, র্যাঙ্কিং তৈরির সময় তারা ভেন্যু, ম্যাচের সময়সূচী, অবস্থান, জলবায়ু, গণপরিবহন, পর্যটন কার্যক্রম, হাঁটার সুবিধা এবং ভক্তদের জন্য বাড়তি অভিজ্ঞতার মত বিষয়গুলো বিবেচনা করেছে এবং ব্রিটিশ কলাম্বিয়ার স্টেডিয়ামের কেন্দ্রীয় অবস্থান ও সহজ গণপরিবহন ব্যবস্থার জন্য ভ্যাঙ্কুভারকে তালিকার শীর্ষে রেখেছে।
শহরটি অন্য শহরের মতো নয়। ফুটবলের দর্শক বা ভক্তরা হয়তো এখানে পুরোপুরি গাড়ি চালানো এড়াতে পারবেন বলে তালিকাটিতে উল্লেখ করা হয়েছে।
তালিকায় কয়েকটি মার্কিন ও মেক্সিকান আয়োজক শহরের তুলনায় ভ্যাঙ্কুভারের গ্রীষ্মের মৃদু তাপেরও প্রশংসা করা হয়েছে এবং পাহাড় ও সমুদ্রের সুন্দর মেলবন্ধনের কথাও উল্লেখ রয়েছে।
তালিকাটি অনুযায়ী, ভ্যাঙ্কুভার শহরটি অল্প ব্যবধানে তার প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিম প্রতিবেশী সিয়াটলকে পেছনে ফেলে তালিকার শীর্ষস্থান দখল করেছে এবং কানাডার অপর আয়োজক শহর টরন্টো তৃতীয় স্থানে রয়েছে।
মেক্সিকো সিটি এবং আটলান্টা বাকি শীর্ষ পাঁচের তালিকায় রয়েছ।ব্রিটিশ কলাম্বিয়ার প্রিমিয়ার ডেভিড এবি, শনিবার সকালে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে স্পোর্টস ইলাস্ট্রেটেড-এর এই তালিকাটি প্রকাশ করেছেন। তিনি পোস্টটির একাংশে লেখেন, ‘উত্তর আমেরিকার সেরা ১৬টি শহরের মধ্যে থেকেও। ব্রিটিশ কলম্বিয়ার এই প্রাণবন্ত শহরটি যে স্বীকৃতি পাওয়ার যোগ্য, তা দেখে আমি অত্যন্ত গর্বিত।’


