তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে এ বৈঠক হয়। এ সময় তথ্যমন্ত্রীর চীন সফর উপলক্ষে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে দুপুরে সরকারি সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তথ্যমন্ত্রী।
জানা গেছে, তথ্যমন্ত্রী চায়না মিডিয়া গ্রুপের আয়োজনে ৮ থেকে ১১ জুন অনুষ্ঠাতব্য ‘ফিফথ সিএমজি ফোরাম’ এ অংশ নেবেন। সফরকালে চীনের তথ্যমন্ত্রীর সঙ্গে তার একটি দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে।
ওই বৈঠকে তথ্য ব্যবস্থাপনা, গণমাধ্যম খাতে সহযোগিতা বৃদ্ধি, ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও তথ্য বিনিময় নিয়ে আলোচনা হবে। বিশেষ করে তথ্য ব্যবস্থাপনা বিষয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা নিয়ে কথা হতে পারে।
এই সফরের মাধ্যমে তথ্য ও গণমাধ্যম খাতে বাংলাদেশ-চীনের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


