জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ ও আশাশুনি) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কাজী আলাউদ্দীনকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কমিটির সদস্য ও ড্যাব নেতা ডা. শহিদুল আলমের কর্মী-সমর্থকরা।
কালিগঞ্জের নলতার হাসপাতাল মোড় এলাকা থেকে সোমবার রাতে বিভিন্ন শ্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে বের হয় নেতা-কর্মীরা। মিছিলটি সানি মার্কেটে গিয়ে শেষ হয়। পরে সানি মার্কেটের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, বিএনপি নেতা এসএম হাফিজুর রহমান বাবুসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।
প্রতিবাদ সভায় বক্তারা সাতক্ষীরা-৩ আসনের জন্য ঘোষিত কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল করে শহিদুল আলমকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। অন্যথায় বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন তারা। এছাড়া বক্তারা শহিদুল আলমকে মনোনয়ন না দিলে আসনটি বিএনপি নিশ্চিতভাবে হারাবে বলে কেন্দ্রীয় নেতাদের হুঁশিয়ার করেন।


