প্রবাসীদের প্রত্যাশা পূরণে অল্প সময়ের মধ্যেই কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার দুপুরে মন্ত্রিত্ব পাওয়ার পর প্রথমবার সিলেট সফরে এসে সাংবাদিকদের তিনি একথা জানান।
আরিফুল হক চৌধুরী বলেন, ‘সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণকাজের ধীরগতি, কার্গো ফ্লাইট বন্ধ থাকা এবং কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত হওয়ার বিষয় সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এসব সমস্যা সমাধানে ১৮০ দিনের একটি কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে এবং নির্ধারিত সময় শেষে অগ্রগতির চিত্র জনগণের সামনে তুলে ধরা হবে।’
সিলেটের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত করতে শিগগিরই জেলার সব সংসদ সদস্য ও মন্ত্রীদের নিয়ে বৈঠকে বসার কথাও জানান আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, ‘দীর্ঘদিনের সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে এবং এলাকার গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করে কার্যকর সিদ্ধান্ত নেওয়া হবে।’
মন্ত্রিত্ব পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘আমি প্রথমে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জবাসী আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছেন, এটি আমার একার সম্মান নয়—সিলেটবাসীর সম্মান।’
প্রবাসী অধ্যুষিত অঞ্চল হিসেবে সিলেটের বিশেষ গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, ‘ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক সেবা কেন্দ্র থাকলেও সিলেটে তেমন সুবিধা নেই। এ নিয়ে অল্প সময়ের মধ্যেই কার্যকর উদ্যোগ নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘সময় নষ্ট না করে এখনই কাজ শুরু করা জরুরি।’


